শিশুদের মধ্যে মৌখিক স্বাস্থ্য সচেতনতায় ‘ওরাল হাইজিন সপ্তাহ’

আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৯:২৭ পিএম


শিশুদের মধ্যে মৌখিক স্বাস্থ্য সচেতনতায় ‘ওরাল হাইজিন সপ্তাহ’
ছবি: সংগৃহীত

শিশুদের মুখের যত্নের অভ্যাস গড়ে তোলা ও মৌখিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সঠিক ধারণা দিতে ঢাকায়  ‘ওরাল হাইজিন সপ্তাহ’ পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় রিভেরি স্কুলে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করা হয়।  

বিজ্ঞাপন

পরীক্ষায় দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশের মৌখিক স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে। তবে ৩০ শতাংশ শিক্ষার্থীর মুখের যত্নে আরও মনোযোগ প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। উদ্বেগজনকভাবে, ১০ শতাংশ শিক্ষার্থীকে বিশেষ ডেন্টাল যত্নের আওতায় আনার প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে।

প্লে গ্রুপ থেকে গ্রেড–২ পর্যন্ত প্রায় ৪৬২ জন শিক্ষার্থী বেগ ডেন্টাল কেয়ার ও ওয়াদা ওয়েলনেস কেয়ারের যৌথ এই কর্মসূচিতে অংশ নেয়। এ সময় শিশুদের উৎসাহিত করতে পরিষ্কার ও যত্নশীল মুখগহ্বর পাওয়া গেছে এমন শিক্ষার্থীদের রঙিন পেন্সিল বক্স উপহার দেওয়া হয়।

বিজ্ঞাপন

পুরো কার্যক্রমটি পরিচালনা করেন বেগ ডেন্টাল কেয়ারের বিশেষজ্ঞ দল। এতে নেতৃত্ব দেন ডা. রফিকুস সালেহীন বেগ ও ডা. তাজিন রফিক। তাদের সঙ্গে ছিলেন আরও সাতজন দন্তচিকিৎসক ও দুজন সহকর্মী।

চিকিৎসকরা শিশুদের মুখের স্বাস্থ্যবিধি রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং দৈনন্দিন অভ্যাসে ব্রাশ ও মুখের যত্নের সঠিক পদ্ধতি তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ধর্মীয় বার্তাসম্বলিত হেলথ কার্ড প্রদান করা হয়, যা শিশুদের মানসিক ও নৈতিক বিকাশেও সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

বিজ্ঞাপন

রিভেরি স্কুলের প্রিন্সিপাল সায়েদা নওরিন রেজা আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রতিবছর আমাদের স্কুলে হেলথ অ্যান্ড হাইজিন উইক পালন করা হয়। তবে এবার বাচ্চারা অনেক বেশি আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছে। প্রতিটি সেশন তারা উপভোগ করেছে, বিভিন্ন গিফট পেয়েছে, এবং মুখের যত্ন সম্পর্কে নতুন কিছু শিখেছে। আমরা আয়োজকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, এই ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে মুখের যত্নের ইতিবাচক অভ্যাস গড়ে ওঠে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission